বিশ্বকাপের শেষ ষোলোতে রোববার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও ম্যাচটিতে আসল চাপ থাকবে সেলেসাওদের ওপর—এমনটাই মনে করেন ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারানো নরওয়ে দলের নায়ক ক্যেতিল রেকডাল।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রেকডাল বলেন, "রোববার সবচেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিল। নরওয়ে ইতোমধ্যেই নকআউটে উঠে নিজেদের লক্ষ্য অনেকটাই পূরণ করেছে। কিন্তু ব্রাজিলের জন্য জয় ছাড়া অন্য কোনো ফল জাতীয় হতাশার কারণ হবে।"

১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের মার্শেইয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক ২-১ গোলের জয়ে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন রেকডাল। সেই স্মৃতি এখনও ব্রাজিলের মানসিকতায় প্রভাব ফেলতে পারে বলেও বিশ্বাস তার।

তার ভাষায়, "সেই ভয়টা সবসময় থেকেই যায়—আবারও যদি নরওয়ের কাছে হোঁচট খেতে হয়!"

এবারের ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী রেকডাল। তার ভবিষ্যদ্বাণী, নরওয়ে ২-১ গোলে জয় পাবে। তিনি বলেন, "ফুটবলে ইতিহাস বারবার ফিরে আসে, এমনটা প্রায়ই দেখা যায়।"

পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের এখন পর্যন্ত চারটি মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল একবারও জয় পায়নি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ১৯৯৮ সালের সেই বিশ্বকাপ ম্যাচ, যেখানে নরওয়ের জয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করেছিল।

তবে রেকডাল মনে করেন, বর্তমান নরওয়ে দল অতীতের স্মৃতির ওপর নির্ভরশীল নয়। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড ও আন্তোনিও নুসাকে নিয়ে গড়া নতুন প্রজন্ম ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে, যা তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

তিনি বলেন, "হালান্ড বা ওডেগার্ড ১৯৯৮ সালের ম্যাচ নিয়ে ভাবছে না। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলই তাদের শিখিয়েছে, তারা যেকোনো দলের বিপক্ষে সমানভাবে লড়তে পারে।"

রেকডালের মতে, বর্তমান নরওয়ে দল ১৯৯৮ সালের দলের চেয়েও শক্তিশালী। যদিও ব্রাজিল এখনও ফেভারিট, তবুও হালান্ডের গোল করার ক্ষমতা, ওডেগার্ডের সৃজনশীলতা এবং নুসার গতি ম্যাচে আরেকটি বড় অঘটনের জন্ম দিতে পারে।

বর্তমানে নরওয়ের শীর্ষ লিগের ক্লাব আলেসুন্দ এফকের কোচ হিসেবে দায়িত্ব পালন করা রেকডাল এবারও স্টুডিও থেকে ম্যাচটি বিশ্লেষণ করবেন। তবে তার বিশ্বাস, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ব্রাজিলকে আবারও হতাশ করতে পারে নরওয়ে।

প্রাইমটিভি/এমএইচ