টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

নরওয়ের কাছে ব্রাজিলের হার । সংগৃহীত
বিশ্বকাপে আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপেও অধরাই থেকে গেল বহু প্রতীক্ষিত ‘হেক্সা’। শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসের খেসারত দিতে হয় ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে তাতে শুধু ব্যবধানই কমেছে, বিদায় ঠেকানো যায়নি।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর টানা ছয়টি আসর খেলেও আর শিরোপার দেখা পেল না ব্রাজিল। ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল কিংবা তার আগেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। আর ২০১৪ সালে নিজেদের মাঠে জার্মানির কাছে ৭ ১ গোলের সেই ঐতিহাসিক হার এখনও ব্রাজিলের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে।
নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল শিবিরে নেমে আসে হতাশার ছায়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে কান্নায় ভেঙে পড়েন নেইমারসহ কয়েকজন ফুটবলার। আরেকবার অপূর্ণই থেকে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এখন ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ব্রাজিল।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









