স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই বিচ্ছিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরিকল্পিত যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি।

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি আশপাশের পাহাড়ি এলাকাগুলোতেও সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় পরিকল্পিত যৌথ অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এলাকার স্থায়ী বাসিন্দাদের কোনো ধরনের উচ্ছেদ করা হবে না।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় একটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি—এই চারটি অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দমন করা হবে। এজন্য পরিকল্পিত সাঁড়াশি ও যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

প্রাইমটিভি/কেআর