পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন দিনে মোট ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন থেকে তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এসব বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়। ঈদের পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে।

এছাড়া ঈদের তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

সব মিলিয়ে ঈদের দিন থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ রোধে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর