নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক মৃত ব্যক্তির কাছে পাওনা টাকার দাবিকে কেন্দ্র করে জানাজা ও দাফন কার্যক্রম সাময়িকভাবে বিলম্বিত হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। পরে মৃতের পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন সম্পন্ন করা হয়।

মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় মশুরাকান্দা ঈদগাহ মাঠে গোলজার হোসেনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা থাকার দাবি তুলে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপত্তি জানান। এতে জানাজা কিছু সময়ের জন্য বিলম্বিত হয়।

জানাজায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ’ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মৃতের ভাগিনা সাইফুল ইসলাম জানান, পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জানাজা সম্পন্ন করা হয়। তিনি আরও বলেন, সায়েম প্রধান উপস্থিত লোকজনের কাছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

অভিযোগের বিষয়ে সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়ায় তিনি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা আগামী রোববারের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে বিরোধের সমাধান হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। অভিযোগ বা তথ্য জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিরোধ প্রকাশ্যে উত্থাপনের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ পাওনা অর্থ আদায়ের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেছেন।

প্রাইমটিভি/কেআর