নেত্রকোণার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের পুলিশের দায়িত্ব ও কার্যক্রম নিয়ে করা বলে দাবি করা একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

রোববার (৩১ মে) ওসি আবুল হাশেমকে কলমাকান্দা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।

ভাইরাল হওয়া অডিওতে থানার সদস্যদের উদ্দেশে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব। ধরেন দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন এক হাজার টাকা, আরেকটা খারিজ কইরা ফেললেন এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম।”

অডিওতে আরও বলা হয়, “সবাই সমন্বয় করে চলতে হবে। ওসির মাথায় কিন্তু কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না। আমি আপনাদের ঠকাব না। যার যে অধিকার, সে যেন সেটা পায়। কেউ চালাকি করবেন না। বর্তমান মিডিয়া অনেক এগিয়ে আছে।”

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. আবুল হাশেম। তিনি দাবি করেন, ভাইরাল অডিওতে থাকা কণ্ঠ তার নয়। কীভাবে তার নামে এমন একটি অডিও প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “অডিওটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ জানিয়েছে, তদন্ত কমিটি অডিওটির উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

প্রাইমটিভি/কেআর