‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

ছবি: সংগৃহীত
নেত্রকোণার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমের একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। তিনি জানান, তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে ওসি আবুল হাসেমকে থানার সদস্যদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। অডিওতে তিনি অভিযোগ ও সালিশ থেকে প্রাপ্ত অর্থের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন এবং পুলিশি চাকরিকে “এক ধরনের ব্যবসা” বলেও উল্লেখ করেন বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল হওয়া অডিওতে আরও শোনা যায়, থানার সদস্যদের সমন্বয়ের মাধ্যমে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন অতিরিক্ত ‘চালাকি’ না করেন এবং কোনো বিষয়ে ওসিকে অবগত না রেখে সিদ্ধান্ত না নেন।
অডিওতে রাজনৈতিক একটি মন্তব্যও রয়েছে, যেখানে তিনি ‘গুপ্ত গুপ্ত’ শব্দ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করেছেন বলে শোনা যায়। এছাড়া বিভিন্ন মামলা ও আর্থিক লেনদেন নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে।
তবে অডিওটির সত্যতা অস্বীকার করেছেন ওসি আবুল হাসেম। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এরকম কোনো কথোপকথন আমি শুনিনি। এটি আমার কণ্ঠও নয়। কে বা কারা প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছে। আমি এ ধরনের কোনো কথা বলিনি।”
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি অডিওটির উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









