‘শেখ হাসিনার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করেই চলে গেছে’

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার লেখা পদত্যাগপত্র জমা দিতে পারেননি এবং সেটি ভ্যানিটি ব্যাগে করেই সঙ্গে নিয়ে গেছেন বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
রোববার (৩১ মে) ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ‘দি পোস্ট’-এ এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
মতিউর রহমান চৌধুরী বলেন, “শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন। সেই কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেননি। পদত্যাগপত্রটি তার ভ্যানিটি ব্যাগে করেই চলে গেছে।”
তিনি আরও দাবি করেন, পদত্যাগপত্রটি টাইপ করার দায়িত্ব বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মীর ওপর ছিল। তবে সময়ের স্বল্পতার কারণে সেটি সম্পন্ন করা সম্ভব হয়নি।
তার ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছিলেন এবং শেষাংশে পদত্যাগের কারণও লিখেছিলেন।
মতিউর রহমান চৌধুরী বলেন, “চারদিকের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল। গণভবনের আশপাশে মানুষ চলে আসছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল যে তার হাতে আর সময় নেই, দ্রুত স্থান ত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে বের হওয়ার সময় শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগটি কক্ষে রেখে গিয়েছিলেন। পরে গাড়িতে ওঠার সময় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার কর্মকর্তাকে ব্যাগটি নিয়ে আসতে বলেন।
তবে মতিউর রহমান চৌধুরীর এই বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি বা স্বাধীন সূত্র থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত বিষয়েও কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
ফলে বিষয়টি বর্তমানে মতিউর রহমান চৌধুরীর ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








