ট্রাম্পের নজর ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । প্রাইম টিভি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল মজুতের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানোর নজিরবিহীন উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ট্রাম্প জানান, বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি প্রমাণিত তেল মজুতের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এতে মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় হবে না।
ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, ভেনেজুয়েলার দীর্ঘদিন ধরে সংকটে থাকা তেল শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলোর জন্য অপরিশোধিত তেলের নতুন উৎস নিশ্চিত করা। এর মাধ্যমে দেশটিতে জ্বালানির দাম কমানোরও আশা করছেন ট্রাম্প।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, চুক্তির ফলে দেশটির অর্থনীতি ও সরকারি রাজস্ব বাড়বে।
বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত ভেনেজুয়েলায় থাকলেও দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি, অব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে কমেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে দেশটি।
কয়েক সপ্তাহের মার্কিন-ভেনেজুয়েলা আলোচনার পর এসেছে এই ঘোষণা। আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর আওতায় বেশ কয়েকটি কোম্পানি, বিশেষ করে মার্কিন প্রতিষ্ঠান, ভেনেজুয়েলার বিভিন্ন তেলক্ষেত্রে অনুসন্ধান ও উৎপাদনের অধিকার পেতে পারে।
ফলে নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্রের প্রভাব যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








