‘আত্মসমর্পণ করব না’, ইসরায়েলের সঙ্গে কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

ছবিঃ সংগৃহীত
ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, কোনো পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবে না।
হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা কাঠামোগত চুক্তির বিরুদ্ধে এবং এর পতনের আহ্বান জানাই।’
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনের শেষ দিকে সরাসরি আলোচনা শুরু হয়। ওই আলোচনার পর দুই দেশ একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে।
চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের নির্ধারিত কয়েকটি এলাকায় প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে লেবাননের সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি যাচাইব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে।
তবে এসব ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছেন হিজবুল্লাহপ্রধান। কাসেম চুক্তিটিকে ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেন।
পরীক্ষামূলকভাবে এলাকাভিত্তিক লেবাননের সেনা মোতায়েনসহ চুক্তির কোনো পদক্ষেপই হিজবুল্লাহ মেনে নেবে না বলে জানান তিনি। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য প্রস্তাবিত যাচাইব্যবস্থাও প্রত্যাখ্যান করেছেন কাসেম।
ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা রয়েছে। তবে এখনো আলোচনার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কাসেম বলেন, ওই যুদ্ধবিরতি বাস্তবায়নে তাঁর সংগঠন সমর্থন জানিয়েছিল।
তবে বর্তমান কাঠামোগত চুক্তির বিষয়ে হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট করে কাসেম বলেন, ‘আমরা মাথা উঁচু করে থাকব এবং আত্মসমর্পণ করব না।’
মার্চের শুরুতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর দুই পক্ষের সংঘাত নতুন করে তীব্র হয়। এর জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়। লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, ওই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







