চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা গ্রামের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশুর বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। একসঙ্গে পরিবারের পাঁচ শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ‘মরা নদী’তে গোসল করতে নামে শিশুরা। পানিতে নামার কিছুক্ষণ পরই তারা একে একে ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না।

এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকেই নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে পাঁচ শিশুরই মৃত্যু হয়। তারা পরস্পরের আত্মীয় এবং একই পাড়ার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পাশাপাশি দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পরবর্তী সময়ে আরও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, স্বজনদের আকুতি ও স্থানীয়দের সম্মতিতে চর চাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে একই গোরস্থানে শিশুদের পাশাপাশি দাফন করা হয়।

একসঙ্গে পাঁচ শিশুর এমন মৃত্যুতে পরিবারগুলোর পাশাপাশি পুরো চর চাকলা এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।