৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা জব্দ করা হয়।
আটকরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশ বাজার এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালান গোয়েন্দা পুলিশের সদস্যরা। তল্লাশিতে গাড়িটির ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা পাওয়া যায়। পরে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কাভার্ডভ্যানটিতে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ছিল। জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ফুচকা ও কাভার্ডভ্যানের মোট মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিশ্বম্ভরপুরে এ অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানে ডিবি পুলিশের এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায় বিভিন্ন সীমান্তপথে চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









