চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

প্রাইমটিভি/এমআর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল হালিম হামাদ জানান, জুমার নামাজের সময় কাউকে না জানিয়ে শিশুরা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পাওয়ায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, নদীটি পদ্মার একটি শাখা হলেও এলাকায় এটি ‘মরা নদী’ নামে পরিচিত। বছরের বেশির ভাগ সময় নদীটিতে তেমন পানি থাকে না এবং নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়। তবে সম্প্রতি ভারী বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় নদীটিতে পানি জমেছে।
একই গ্রামের পাঁচ শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









