সেচ পাম্পের ঘরে মিলল তরুণীর মরদেহ

ছবিঃ সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি ওড়না পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় তাকে সেখানে নিয়ে গিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুপসী আক্তার মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার সাইরুদ্দিন শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোপা আমন ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য স্থানীয় এক কৃষক সেচ পাম্প চালু করতে ঘরে যান। এ সময় ঘরের ভেতরে একটি চৌকির ওপর রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা পাশা বলেন, সকালে সেচ পাম্পের ঘরে এক তরুণীর মরদেহ পাওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তরুণীর মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে এবং মরদেহের পাশে মাটিতে একটি ওড়না পড়ে আছে।
তিনি বলেন, ‘এখানে ওই মেয়ের এমনিতেই আসার কথা নয়। রাতে কেউ তাকে এখানে এনে হত্যা করেছে বলে ধারণা করছি।’
নিহতের বাবা সাইরুদ্দিন শেখ জানান, তিনি কাজের সুবাদে জামালপুরে থাকেন। বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে বাড়িতে ফেরেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে তাকে বাড়িতে পাননি। তবে রাত হয়ে যাওয়ায় তখন আর খোঁজাখুঁজি করেননি। শুক্রবার সকালে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও ওপর সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








