সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের কাজ, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে মতামত জানাতেন তিনি। তবে হঠাৎ করেই ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই শিল্পী। ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের অ্যাকাউন্ট।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ফেসবুক ছাড়ার বিষয়টি জানান আসিফ আকবর। একই সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাও তুলে ধরেন তিনি।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কোন তথ্য সত্য আর কোনটি গুজব, তা বোঝা কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় তারকাদেরও।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ বলেন, তার নামে মাঝেমধ্যেই এমন কিছু বক্তব্য প্রচার করা হয়, যা তিনি কখনোই দেননি।

তিনি বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য— বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

পরে সংশ্লিষ্টদের বিষয়টি যাচাই করে সত্যতা প্রকাশ করতে হয় বলেও জানান তিনি। আসিফের মতে, তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও যথাযথ যাচাই অত্যন্ত জরুরি। বিশেষ করে কোনো তারকাকে নিয়ে বক্তব্য বা খবর প্রকাশের আগে সত্যতা নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ফেসবুকের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পেরেই শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই সংগীতশিল্পী।

তবে ফেসবুক থেকে দূরে গেলেও সংগীতজগত থেকে দূরে যাচ্ছেন না আসিফ আকবর। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রাইমটিভি/এমআর