শেষ বিকেলের রোদ তখনও ঝলমল করছে। এর মধ্যেই হঠাৎ দুধ দিয়ে গোসল শুরু করেন এক যুবক। বিষয়টি দেখে মুহূর্তেই তাঁকে ঘিরে জড়ো হন স্থানীয় লোকজন। কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ আবার মুঠোফোনে ধারণ করেন ছবি-ভিডিও। পরে জানা যায়, পুরোনো প্রেমকে প্রতীকীভাবে বিদায় জানাতেই তাঁর এই আয়োজন।

শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

তারিকুল জানান, একসময় এক নারীকে ভালোবাসতেন তিনি। ওই সম্পর্ক নিয়ে অনেক স্বপ্ন ও আশা ছিল। তবে একপর্যায়ে সেই সম্পর্কই তাঁর জীবনে কষ্ট ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের সেই কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।

এরই প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তারিকুল।

তিনি বলেন, ‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাঁকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।’

তারিকুলের ভাষ্য, পুরোনো সম্পর্কের পেছনে আর না ছুটে এবার নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে চান। ভালো পথে ফিরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনাটি দেখতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখান। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে পুরোনো প্রেমকে বিদায় জানানোর ঘটনা তাঁদের কাছে বেশ ব্যতিক্রমী মনে হয়েছে।