সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টালিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় ও সিনেমার শুটিং ইউনিটের সদস্যরা।

গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান খরাজ। রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে দ্রুত বাড়তে থাকে নদীর পানি। একপর্যায়ে বন্যার পানিতে রাস্তাঘাট ও একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় আপাতত সিনেমাটির শুটিং স্থগিত করা হয়েছে।

দুর্যোগের কারণে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। তবে খরাজ মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গে থাকা সবাই নিরাপদে রয়েছেন। মুঠোফোনে নিজের পরিস্থিতি জানিয়ে অভিনেতা বলেন, ২৬ আগস্ট তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু বন্যায় রাস্তা ভেসে যাওয়ায় তাঁরা আটকে পড়েছেন। কোনো ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে গোরখপুর হয়ে আগামী ২৮ আগস্ট দেশে ফেরার চেষ্টা করবেন বলে জানান তিনি।

‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে তাঁর অংশের শুটিং আগেই শেষ হয়ে যাওয়ায় দুর্যোগ শুরুর আগেই তিনি নিরাপদে কলকাতায় ফিরতে সক্ষম হন। সিনেমাটিতে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসও অভিনয় করছেন।

এদিকে রাসুয়া জেলায় বন্যা ও পাহাড়ি ধসে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে ১৬২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বন্যা ও ধসে সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

বর্তমানে নিরাপদ আশ্রয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন খরাজ মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী ও শুটিং ইউনিটের সদস্যরা।