রাজধানী দিল্লিতে নিজ বাড়িতে খুন হয়েছেন ২১ বছর বয়সী এক তরুণী মডেল ও শিক্ষার্থী। বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে নিহত তরুণীর জিম ট্রেইনার পলাতক থাকায় তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

নিহত মুসকান ঘটনার সময় বাড়িতে একা ছিলেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই সময় এক হামলাকারী ঘরে ঢুকে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মুসকানের বন্ধু আমান জানিয়েছেন, অভিযুক্ত জিম ট্রেইনার বেশ কিছুদিন ধরে তাঁকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের সন্দেহও শুরু থেকেই ওই ট্রেইনারের দিকে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

হত্যাকাণ্ডের পেছনে ঠিক কী কারণ রয়েছে এবং ঘটনার সময় আর কেউ সেখানে উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।