নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে শুক্রবারও (২৮ আগস্ট) উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে নতুন করে সৃষ্টি হওয়া একটি হ্রদের পানি উপচে পড়লে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সম্ভাব্য নতুন বিপদের আশঙ্কায় উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত নিরাপত্তা কর্মী, উদ্ধারকারী এবং স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এপিকে জানান, উচ্চ সতর্কতা জারি থাকলেও উদ্ধার অভিযান বন্ধ হয়নি। ঝুঁকির মধ্যেও উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বুধবার হিমবাহ ধসের যে এলাকায় ঘটনা ঘটেছিল, সেখানেই নতুন এই হ্রদের সৃষ্টি হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ও প্রাথমিক মূল্যায়নে নদীর উজানের প্রবাহপথ বাধাগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে ক্রমেই বড় হচ্ছে নতুন হ্রদটি।

কর্তৃপক্ষের আশঙ্কা, হ্রদের পানি যেকোনো সময় বাঁধ ভেঙে বা উপচে নিম্নাঞ্চলে নেমে এলে আবারও ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ফলে দুর্গত এলাকায় উদ্ধারকাজের পাশাপাশি নতুন করে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমআর