নেপালের ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের পর দেশটির বিভিন্ন এলাকায় অবস্থানরত অন্তত ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, বন্যাকবলিত ত্রিশূলী প্রকল্প এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চীনের দিকে আটকে পড়া ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপাল সীমান্তে পৌঁছেছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

জয়সওয়াল বলেন, চীনের দিকে অবস্থানরত আনুমানিক ৪০০ ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে এখনো প্রায় ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন বা নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তালিকা যাচাই করে প্রকৃত সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

নিখোঁজ ও যোগাযোগ বিচ্ছিন্ন ভারতীয় নাগরিকদের সন্ধানে নেপালের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত সরকার বলেও জানান তিনি।

এদিকে, নেপালের বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া ভারতের তামিলনাড়ুর ২১ নাগরিক শুক্রবার দিল্লিতে পৌঁছেছেন। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব কাঠমান্ডুতে তাদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এ ছাড়া, বিভিন্ন দেশের নাগরিকত্ব থাকা প্রায় ১০০ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা কৈলাস-মানস সরোবর যাত্রায় ছিলেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাইমটিভি/এমআর