ইরান যুদ্ধের ৬ মাসে নিহত ৬০ ইসরায়েলি ও ১৮ মার্কিন সেনা

সংগৃহীত ছবি
আজ থেকে ঠিক ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানে ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়।
এর পরপরই সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায়।
এর জবাবে ইসরায়েল প্রায় প্রতিদিনই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের একপর্যায়ে ইসরায়েলি বাহিনী লেবাননের প্রায় এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ছয় মাস পেরিয়ে গেলেও যুদ্ধে কোনো পক্ষই স্পষ্টভাবে এগিয়ে যেতে পারেনি। হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করেছে ইরান। ফলে দীর্ঘদিনের সংঘাত এখন অনেকটাই অচলাবস্থায় গিয়ে ঠেকেছে।
মাসের পর মাস আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত সংঘাতের কোনো কার্যকর সমাধান আসেনি।
আল জাজিরার এক প্রতিবেদনে যুদ্ধের প্রথম ছয় মাসের হতাহত, বাস্তুচ্যুতি এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাবের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
নিহত প্রায় ৮ হাজার
সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছেন।
এর মধ্যে লেবাননে নিহত হয়েছেন নিশ্চিতভাবে ৪ হাজার ৩৫০ জন। ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৫২৭। এছাড়া উপসাগরীয় বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন।
ইরানের হামলায় নিহত হয়েছেন আরও ৬০ জন ইসরায়েলি এবং ১৮ জন মার্কিন সেনাসদস্য। পেন্টাগনের তথ্য অনুযায়ী, আহত হয়েছেন ৭৫৭ জন মার্কিন সামরিক সদস্য।
জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব সংখ্যা তৈরি করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলা সাড়ে ৫ হাজারের বেশি
যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অন্তত ৩ হাজার ৫৮০টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২ হাজার ৫৩টি হামলা চালিয়েছে।
সব মিলিয়ে যুদ্ধের প্রথম ছয় মাসে দুই পক্ষের হামলার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ হাজার।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








