যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করা অসম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ জন্য ওয়াশিংটনকে চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন আরাগচি।

তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে, চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে এবং সম্মানের সঙ্গে কথা বলতে হবে। একই সঙ্গে ইরানের অধিকার স্বীকার ও নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ।

সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালিতে অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর চালু এবং সমুদ্র থেকে মাইন অপসারণের প্রস্তাবও আলোচনায় আসে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটিই ছিল প্রথম তেহরান সফর।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রাইমটিভি/এমআর