নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন (আইএফআরসি)। নতুন করে বন্যার আশঙ্কায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে নেপালে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, নতুন করে পানি বাড়লে দুর্যোগের প্রভাব আরও বিস্তৃত হতে পারে।

তিনি জানান, বুধবারের ভয়াবহ দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকার পরিস্থিতি এখনো পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে।

এদিকে, দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করেছে আইএফআরসি। তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ত্রাণ কার্যক্রম পরিচালনায় সংস্থাটি ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

ভয়াবহ এই বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রাইমটিভি/এমআর