প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাঁপ, তরুণীর মৃত্যু

আফিয়ানা জান্নাত মুমু
রাজবাড়ীর পাংশায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পৌর এলাকার একটি রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা জান্নাত মুমু ভোলা জেলার দৌলতখালী উপজেলার আব্দুল হাইয়ের বড় মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআপরা গ্রামের জামাল চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মুমুর। তবে তাদের সম্পর্ক দুই পরিবারের কেউই মেনে নেয়নি। পরে গত এপ্রিল মাসে তারা কুষ্টিয়া জজকোর্টে গিয়ে আইনগতভাবে বিয়ে করেন।
বিয়ের পর থেকে মুমু স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি পাংশা পৌর এলাকার রেললাইনের দিকে যান। সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন।
এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার আগে একটি খাতায় পরিবারের উদ্দেশে কিছু আবেগঘন কথা লিখে যান মুমু। সেখানে বাবা-মায়ের অমতে বিয়ে করার বিষয়ে অনুতাপ প্রকাশের পাশাপাশি নিজের মানসিক কষ্ট এবং পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে ক্ষমা চান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









