রাজবাড়ী রেলওয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।

শুক্রবার দিনব্যাপী সরকারি সফরে তিনি জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি রেলওয়ে এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলপথ সচিবকে অভ্যর্থনা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দান এলাকা পরিদর্শন করেন।

দুপুর ১২টার দিকে সচিব ঐতিহাসিক রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন হোসনেবাগ সিনেমা হল এলাকা, লোকোশেড এবং রাজবাড়ী রেলওয়ে স্টেশন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রেলওয়ের ভূমির যথাযথ ব্যবহার, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন এবং সম্ভাব্য নতুন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন রেলপথ সচিব।

সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের রাজশাহী বিভাগীয় প্রকৌশলীসহ স্থানীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রেলওয়ের সার্বিক উন্নয়ন এবং রাজবাড়ীসহ আশপাশের এলাকার রেল যোগাযোগ আরও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।