হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল রাখার ঘোষণা

ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তবে তাঁর দুঃখ প্রকাশের পরও এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল।
এর আগে শুক্রবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মী ও মাদরাসা শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
হাসনাতের দুঃখ প্রকাশ
শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে সংসদে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চাইতে গিয়ে তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
নৌকাবাইচের স্থান উল্লেখ করার ক্ষেত্রেও নিজের তথ্যগত ভুলের কথা স্বীকার করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার পরিবর্তে সিলেটের ঘটনা সংসদে ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার বলে উল্লেখ করেছিলেন বলে জানান হাসনাত।
তবে তাঁর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না—এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি, অবস্থান করব ইনশাআল্লাহ।’
অনুমতি নেয়নি এনসিপি: জেলা প্রশাসক
এদিকে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিল। তবে রাজনৈতিক সমাবেশের কথা জানানো হয়নি। শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না, কারণ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’
মাদরাসা শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির বিষয়েও প্রশাসন অবগত নয় বলে জানান তিনি।
হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ, পাল্টা কর্মসূচি এবং শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান নিয়ে এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও সামাজিকভাবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







