ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের কারণে সৃষ্ট প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই এক হৃদরোগী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দিতে যানজটে আটকা পড়ার পর শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে।

স্বজনদের ভাষ্য, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছার মৃত্যু হয়। এ সময় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে আক্ষেপ করেন স্বজনেরা।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই যানজটের সূত্রপাত হয়। শনিবার দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল প্রায় স্থবির ছিল।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় মূলত যানজটের সৃষ্টি হয়েছে। যানজট কমানো এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে।