কিয়ারা কি মাদার তেরেসার চরিত্রে অভিনয় করবে বলেছিল?

ছবি: সংগৃহীত
টক্সিক’ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। বিশেষ করে ‘তবাহি’ গানে যশের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি গানটির দৃশ্য নিয়ে ‘কন্ডোমের বিজ্ঞাপন’-এর সঙ্গেও তুলনা টেনেছেন কেউ কেউ।
কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়েও টেনে আনা হয়েছে নানা প্রসঙ্গ। কন্যাসন্তানের মা হওয়ার পর এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কেন করেছেন—এমন প্রশ্নও ছুড়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর দিকে। এবার এই সমালোচনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
কিয়ারার পক্ষ নিয়ে স্বস্তিকার প্রশ্ন, “কিয়ারা কি মাদার তেরেসার চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন?”
স্বস্তিকার মতে, কোনো সিনেমা মুক্তির আগে শুধু একটি ঘনিষ্ঠ দৃশ্যের খবর শুনেই অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মতামত তৈরি করা ঠিক নয়। তিনি বলেন, দর্শক জানেন না সিনেমায় সেই দৃশ্যের প্রেক্ষাপট কী, চরিত্রটির গুরুত্ব কতটা কিংবা গল্পে সেটির প্রয়োজনীয়তা কোথায়।
অভিনেত্রীর ভাষায়, মানুষ সিনেমা দেখার আগেই বিশেষ করে নারী ও অভিনেত্রীদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করে ফেলেন। অথচ তাঁরা জানেন না সিনেমার গল্প, চরিত্র কিংবা দৃশ্যটি কীভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে জানার পরই শুরু হয় কটাক্ষ ও সমালোচনা।
স্বস্তিকা আরও বলেন, অভিনেত্রীরা দর্শকের জন্য কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে অভিনয়ের চুক্তি করেন না। তাঁর প্রশ্ন, কিয়ারা কিংবা অন্য অভিনেত্রীরা কি এমন কোনো প্রচারপত্র বিলি করেছিলেন, যেখানে লেখা ছিল তাঁরা শুধু ‘মাদার তেরেসা’র মতো চরিত্রেই অভিনয় করবেন?
ভারতীয় সমাজে যৌনতা নিয়ে এখনো যে অস্বস্তি ও রাখঢাক রয়েছে, সেটিও তুলে ধরেছেন স্বস্তিকা। তাঁর মতে, যৌনতা মানুষের জীবনের স্বাভাবিক অংশ। সন্তানও স্বাভাবিকভাবেই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলেই পৃথিবীতে আসে। তাই সিনেমায় যৌনতা বা ঘনিষ্ঠ দৃশ্য থাকলেই সেটিকে ট্যাবু হিসেবে দেখার প্রবণতা বদলানো প্রয়োজন।
স্বস্তিকার কথায়, ভারতীয় সমাজ এখনো যৌনতাকে পুরোপুরি ট্যাবুর বাইরে নিয়ে আসতে পারেনি। অর্থনৈতিক অবস্থান যেমনই হোক, যৌনতা মানুষের জীবনেরই একটি স্বাভাবিক অংশ এবং প্রজন্মের পর প্রজন্ম মানবজীবনের ধারাবাহিকতা এভাবেই এগিয়ে চলেছে।
এদিকে ‘টক্সিক’-এ যশ ও কিয়ারার জুটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহও কম নয়। তবে ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে—সিনেমার কোনো দৃশ্যের বিচার কি পুরো গল্প ও চরিত্রের প্রেক্ষাপট না জেনেই করা উচিত?

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









