বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতজগতে। ২০ বছর বয়সী এই তরুণ শিল্পী প্রকাশ করেছেন তাঁর প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’।

গানটি ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন হৃহান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেই গিটার বাজিয়েছেন তিনি।

হৃহানের নতুন পথচলায় উচ্ছ্বসিত পুরো রোশন পরিবার। ছেলের গান ইনস্টাগ্রামে শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, ‘তুমি সহজাত প্রজ্ঞা নিয়ে জন্মেছ, যা আমাকে নির্ভীক করে তোলে।’ ছেলের প্রতিভা ও নতুন যাত্রা নিয়ে নিজের গর্বের কথাও জানিয়েছেন হৃহানের মা সুজান খান এবং দাদা, চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন।

শুধু পরিবারের সদস্যরাই নন, হৃহানের গান প্রশংসা পেয়েছে তাঁদের ঘনিষ্ঠজনদের কাছ থেকেও। হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনিও গানটির প্রশংসা করেছেন।

হৃতিকের বোন সুনয়না রোশনও ভাতিজার গানের প্রশংসা করে লিখেছেন, ‘তোমার গানটি অসাধারণের চেয়েও বেশি কিছু, তোমার কণ্ঠই অনেক কিছু বলে দেয়।’ তাঁর কথায় উঠে এসেছে হৃহানের প্রতিভা ও কঠোর পরিশ্রমের প্রতি মুগ্ধতা।

রোশন পরিবারের সঙ্গে সংগীতের সম্পর্ক অবশ্য নতুন নয়। হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে দীর্ঘদিন ধরেই এই পরিবারের নাম জড়িয়ে আছে বলিউডের সংগীতজগতের সঙ্গে। সেই পারিবারিক ঐতিহ্য এবার নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে নেওয়ার পথে হৃহান।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান হৃহান। তাঁর প্রথম একক গান প্রকাশের মধ্য দিয়ে রোশন পরিবারের সংগীত ঐতিহ্যে যুক্ত হলো নতুন এক অধ্যায়।