গণঅভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট: আবু হানিফ

আবু হানিফ । ফাইল ছবি
গণঅভ্যুত্থানের পর জামায়াতের ‘ফাঁদে পড়ে’ কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। একই সঙ্গে ৫ আগস্টের পর দলটির সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন আবু হানিফ।
দুপুর ১২টার দিকে পিরোজপুর পুলিশ লাইনে দলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছে। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে অংশ নেবে জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আবু হানিফ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে। আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি নিন। মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকতে হবে। মানুষের যেকোনো সমস্যায় এগিয়ে যেতে হবে।’
নুরের ওপর হামলার বিচার দাবি
নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে আবু হানিফ বলেন, গত বছরের ২৯ আগস্ট দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যের হামলায় নুরসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে তারা দাবি করে আসছেন।
ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ওই প্রতিবেদনে হামলার প্রকৃত চিত্র উঠে আসেনি বলে তাঁরা মনে করেন।
আবু হানিফের দাবি, তদন্ত প্রতিবেদনে আহত হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে পড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তিনি এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা এবং প্রয়োজনে পুনর্মূল্যায়ন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জামায়াতকে নিয়ে আবু হানিফের মন্তব্য
জামায়াতে ইসলামীকে নিয়েও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের এই নেতা।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দেশের মানুষের মধ্যে যে প্রশ্ন রয়েছে, তা তারা ভুলে যায়নি। তাঁর দাবি, জামায়াতকে ১৯৭১ সালের ভূমিকার দায় নিয়েই রাজনীতি করতে হবে।
আবু হানিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর জামায়াত সবচেয়ে ভালো মৌসুম পেয়েছে। এই জামায়াতের ফাঁদে পড়ে গণঅভ্যুত্থানের পর কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে।’
পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান খান রাসেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান এবং জেলা কমিটির নেতারা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









