বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি : পানিসম্পদ মন্ত্রী

ছবিঃ সংগৃহীত
বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে কোনো এলাকারই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের আন্দোলন এলাকার পাশাপাশি দেশের জন্যও ক্ষতিকর।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। অন্য একটি পক্ষ নির্বাচনে অংশ নিয়ে এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার সময় তারা সহযোগিতা করেনি। এখনো আন্দোলনের কথা বলা হচ্ছে।
তিনি বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি, তেমনি দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ সেই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এ কাজে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’
বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে এ্যানি বলেন, আন্দোলনের মাধ্যমে বিএনপিকে দুর্বল ও সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনের কারণে সরকার দুর্বল হয়ে পড়বে—এমন ধারণা থেকে কেউ যদি রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করে, তা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। আন্দোলনের নামে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না।’
দেশের উন্নয়ন প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। সরকারের নেতৃত্বকে শক্তিশালী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় দেশের স্বনির্ভরতার যে উদ্যোগ ছিল এবং বেগম খালেদা জিয়া যেভাবে গ্রামে গ্রামে গিয়ে জনগণের সঙ্গে কাজ করেছেন, সেই ধারায় আগামী পাঁচ বছর কাজ করা গেলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।
মতবিনিময় সভায় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








