ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ওই ব্যাগ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, “দল কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








