দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৩ জন শিশু।

আজ রোববার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮৭ জন শিশুর। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার এক জন। এ সময়ে ৯৫৭ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন। এদের মধ্যে ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

প্রাইমটিভি/এনজি