ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আজ সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মুখপাত্র জানান, আসন্ন কারিগরি পর্যায়ের আলোচনার পরিকল্পনা এখনও চূড়ান্ত না হওয়ায় ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।

তবে মার্কিন প্রতিনিধিদল যেকোনো উপযুক্ত সময়েই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের বড় আলোচনার আয়োজন পুরোপুরি পূর্বানুমানযোগ্য হয় না। পরবর্তী নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হলে তা দ্রুতই জানানো হবে।

এর আগে, এই শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তার প্রস্তাবিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানান। মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকটি (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়ে গেছে এবং বর্তমানে এর বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। এ কারণেই মূলত প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত করা হয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের পরবর্তী প্রতিটি কৌশলগত ধাপে পাকিস্তান তাদের কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।

প্রাইমটিভি/বিএম