গরমের দিনে শরীর ঠান্ডা রাখার জন্য মাঠা এবং লাচ্চি উপকারী পানীয়। মাঠা ও লাচ্চি এদের উপকারিতা কিছুটা ভিন্ন, তাই কোনটি বেশি ভালো হবে তা নির্ভর করে শরীরের প্রয়োজনের ওপর।

সবচেয়ে জনপ্রিয় দুটি পানীয় হলো মাঠা ও লাচ্চি। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা দূর করতে অনেকেই ভরসা রাখেন এই পানীয়ের ওপর। তবে প্রশ্ন উঠছে—এই দুইয়ের মধ্যে কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

মাঠা সাধারণত দই/ দুধ থেকে মাখন আলাদা করার পর যে তরল অংশ থাকে, তা দিয়ে তৈরি হয়। এতে ফ্যাট কম এবং পানি ও লবণের বেশি থাকে। গরমে প্রতিদিনের পানীয় হিসেবে মাঠা বেছে নেওয়া বেশি উপকারী। এটি শরীরকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে এবং গরমে ঘামের মাধ্যমে হারানো লবণ-পানি পূরণ করে। পাশাপাশি এটি হজমশক্তি বাড়াতে কার্যকর, বিশেষ করে ভারী বা মশলাযুক্ত খাবারের পর।

অপরদিকে লাচ্চি তুলনামূলক ঘন এবং এতে দইয়ের পরিমাণ বেশি থাকে। অনেক ক্ষেত্রে এতে চিনি যোগ করা হয়, যা শরীরে দ্রুত শক্তি জোগাতে সহায়ক। প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী। তবে অতিরিক্ত মিষ্টি লাচ্চি ক্যালোরি বাড়াতে পারে, যা নিয়মিত পান করলে ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

দৈনন্দিন গরমে হালকা ও শীতল পানীয় হিসেবে মাঠা বেশি উপযোগী। আর লাচ্চি শক্তি বৃদ্ধির জন্য মাঝে মাঝে পান করা যেতে পারে।

গরমের তাপদাহে স্বস্তি পেতে মাঠা হতে পারে সবচেয়ে ভালো পছন্দ। তবে প্রয়োজন অনুযায়ী লাচ্চিও রাখা যেতে পারে খাদ্য তালিকায়।