মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় তিনজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক নারী ও তার শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। অন্যদিকে সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাচারীপাড়া এলাকার ব্যবসায়ী সালামের স্ত্রী আমেনা আক্তার (২৯) এবং তাদের দুই বছর বয়সী ছেলে আসলাম। এ ঘটনায় আমেনার দেবর ইউসুফ আলী (৪০)-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঈদ উপলক্ষে বাড়িতে আসার পর থেকেই বড় ভাই সালামের সঙ্গে ইউসুফ আলীর পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে হাতুড়ি দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমেনা ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়।

এ সময় দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে খুঁজতে গেলে সালামের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে, শনিবার দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজীব (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে নিজ বাড়িতেই সজীব হত্যার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

পৃথক দুই ঘটনায় তিনজন নিহত হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

প্রাইমটিভি/কেআর