সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মে) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থা হাসপাতালটি পরিদর্শন করেছে। একই সঙ্গে সরকার এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
গত ২৭ মে সকালে হাসপাতালটিতে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের কলেজ ভবনের অষ্টম তলায় একটি বেকারি কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে নির্গত কোনো গ্যাস নবজাতকদের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হবে।
মন্ত্রীর এই বক্তব্যের পর সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হাসপাতালে তথ্য সংগ্রহে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশপথ বন্ধ করে দিলে সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ওঠে।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে দাবি করেছে, টানা কয়েকদিন ধরে বিভিন্ন সংস্থার পরিদর্শন ও বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতির কারণে হাসপাতালের কর্মীরা মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছিলেন। এর ফলে রোগীসেবা কার্যক্রমও কিছুটা ব্যাহত হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন শেষে বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় তাদের প্রবেশে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়।
হাসপাতালের দাবি, এ সময় কথোপকথনের এক পর্যায়ে একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে সংশ্লিষ্ট কর্মীরা নিজেদের অপমানিত মনে করেন। পরে উত্তেজনার সৃষ্টি হলে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আদ্-দ্বীন হাসপাতাল জানিয়েছে, প্রতিষ্ঠানটি সবসময় গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে এসেছে। তারপরও ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো গণমাধ্যমকর্মী কষ্ট পেয়ে থাকলে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








