চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

ছবি- সংগৃহীত ট্রেনের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার দুধপাতিলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল চালক রাজু মিয়া (২৪) এবং আরোহী আব্দুল্লাহ (২৪)। এছাড়া এই ঘটনায় আব্দুল কাদের (২৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু দুধপাতিলা গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথিমধ্যে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং বেশ কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে জিআরপি ফাঁড়ির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






