আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তার সাবেক সহকর্মী ও সেনা কর্মকর্তা ইমরুল কায়েস সাক্ষ্য দিয়েছেন।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সাক্ষ্যে ইমরুল কায়েস উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর ‘অপারেশন রেবেল হান্ট’-এর সময় প্রায় ১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন দিয়ে এবং পরে বুড়িগঙ্গা নদীতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।

তিনি আরও জানান, বিভিন্ন সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা তিনি সাক্ষ্যে তুলে ধরেছেন। এসব ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনায় প্রায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ