অবরোধ তুলে নিলেই আলোচনা, যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

ছবিঃ সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও শর্তের বেড়াজালে তা অনিশ্চিত হয়ে উঠেছে।
বিভিন্ন ইস্যু অমীমাংসিত রেখেই ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর। এমন প্রেক্ষাপটে ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনা এগোতে হলে আগে যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান বদলাতে হবে। বিশেষ করে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যত দ্রুত এই অবরোধ তুলে নেবে, তত দ্রুতই পরবর্তী দফার আলোচনা শুরু করা সম্ভব হবে। তিনি জানান, সম্ভাব্য সেই আলোচনা অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাতে কার্যকর কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপাতত ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই অবস্থান সংকট সমাধানের পথকে আরও জটিল করে তুলছে। এখন দেখার বিষয়, শর্তের এই অচলাবস্থা কাটিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোতে পারে কি না ওয়াশিংটন ও তেহরান।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









