যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থী হত্যায় ‘হিশাম’ গ্রেফতার

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১০ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, এটি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিলের। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তারই রুমমেট হিশাম আবুঘরবেহ-কে। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট এবং অনুমতি ছাড়া মরদেহ সরানো বা গোপন করার অভিযোগ আনা হয়েছে।
মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় অভিযানে ধরা পড়ে হিশাম। ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় একটি পারিবারিক সহিংসতার কল পেয়ে সেখানে যায় পুলিশ। তবে দরজা বন্ধ করে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় বিশেষায়িত সোয়াট টিম। পরে তাদের উপস্থিতিতে তোয়ালে জড়িয়ে ঘর থেকে বের হয়ে আসেন হিশাম এবং হাত উঁচু করে আত্মসমর্পণ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যদের মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছেন তিনি। এরপর তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয়া হয়।
এদিকে, একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। তবে তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তবে তার মৃত্যুর বিস্তারিত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। নাহিদা একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। গত ১৭ এপ্রিল নিখোঁজ হন জামিল ও বৃষ্টি। নিখোঁজের আগের দিন তাদের আলাদাভাবে সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। নাহিদা সুলতানা বৃষ্টিকে খুঁজে বের করতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও শোকের ছায়া।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









