যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

নাহিদা বৃষ্টি | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন বলে জানিয়েছেন তার পরিবার। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তবে তার মৃত্যুর বিস্তারিত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।
এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকায় এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন।
পুলিশ জানায়, জামিলকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় তার নিজ বাসায় দেখা যায়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টিকেও একই দিন সকাল ১০টার দিকে সর্বশেষ দেখা যায়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে অবস্থান করছিলেন।
ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.







