অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! বিসিবির ক্যাপ্টেনস কার্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন তাপস বৈশ্য।

ছবিঃপ্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অধিনায়কদের জন্য বিশেষ ক্যাপ্টেনস কার্ড প্রবর্তনের উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিসিবির এই সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক হিসেবে অভিহিত করে কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি বিসিবির ওপর নিজের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেন।
তাপস বৈশ্য মনে করেন, বিসিবির এই উদ্যোগ সাবেক ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি করবে। তিনি লেখেন, আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি বরাদ্দ ছিল। আর এখন তো কার্ড প্রথা নতুন করে চালু হলো। অধিনায়ক হলেই কি তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা কিছু না? খেলে তো সবাই মিলে মোট ১১ জন। খেলা ছাড়ার পর সবাই তো এক হবে এবং সাবেক জাতীয় খেলোয়াড় হিসেবেই থাকবে!
কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তাপস বলেন, রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক’দের মধ্যে আছেন? রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর কোনো অধিনায়ক বসবেন এসি বক্সে এটা তো মানা যায় না। তিনি আরও অভিযোগ করেন যে, অধিনায়কদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হলেও অন্যদের ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে।
এই বৈষম্যের কারণে নিজেকে আজ সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করছেন জানিয়ে তাপস বৈশ্য লিখেন, আমি চাই, আর যেন কখনোই কোনো সাবেক খেলোয়াড় কিক্রেট বোর্ড সভাপতি না হয়।যারা এই কার্ড পেতে যাচ্ছেন তাদের বাংলা সিনেমার চৌধুরী বলে কটাক্ষ করে তিনি অন্যদের এই বৈষম্যের প্রতিবাদ করার আহ্বান জানান।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









