দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৩ জন। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জনে।

এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২। আর মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রাইমটিভি/এনজি