শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য টাকা চাইতে গিয়ে বাবলু বেপারী নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বাবলু বেপারী নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলা পরিষদ এলাকা পরিদর্শনে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বাবলু বেপারী তার কাছে গিয়ে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। পাশাপাশি তিনি অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বলতে থাকেন।

ঘটনায় উপস্থিত লোকজন বিস্মিত হলে প্রশাসনের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি তার কাছে এসে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করেন এবং জনশৃঙ্খলা পরিপন্থী আচরণ করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনশৃঙ্খলা ভঙ্গ কিংবা মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ