দেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আয়োজিত ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর সময় লাগার কারণে মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়। তিনি বলেন, “একজন ভদ্রলোক কখনো মামলা করতে যেতে চান না। কারণ একটি মামলা নিষ্পত্তি হতে যে পরিমাণ সময় লাগে, একজন মানুষের পক্ষে ততটা ধৈর্য ধারণ করা কঠিন। মানুষ পুলিশের কাছে মামলা করতে ভয় পায়, পুলিশের কাছে যেতে আস্থা পায় না।”

তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থায় মামলার জট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাইকোর্টে ১ হাজার ২৩৬টি মৃত্যুদণ্ডের মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদালত প্রতিদিন পরিচালিত হলেও আগামী ১০ বছরেও এসব মামলার নিষ্পত্তি সম্ভব হবে না।

শিশির মনিরের ভাষ্য, বিচারপ্রাপ্তির দীর্ঘ অপেক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে মানুষ অনেক সময় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করে। “বিচার করা তো প্রধানমন্ত্রীর কাজ নয়। কিন্তু জনগণ আর কোনো উপায় খুঁজে পায় না বলেই এমনটি করে,” বলেন তিনি।

আলোচনা সভায় বক্তারা নির্যাতন, বিচারহীনতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের প্রথা বন্ধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তি, মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার-এর পরিচালক (প্রোগ্রামস) মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক (প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি) তাসকিন ফাহমিনা।

এছাড়া অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর প্রতিনিধি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ড. ফয়েজুল হাকিম, দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক-ইন-চিফ শফিকুল আলম, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন এবং বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল।

প্রাইমটিভি/কেআর