রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে মারুফ হোসেন নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে বসিলার দয়াল হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত মারুফ হোসেনের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাফাদি গ্রামে। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার ৩ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মারুফের বাবা কালাম জানান, স্থানীয় জয়নাল নামে এক যুবকের সঙ্গে তার ছেলের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে জয়নাল মারুফকে বাসা থেকে ডেকে নিয়ে বাসার সামনেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রাইমটিভি/এমএইচ