দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৪৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রাজশাহী বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে ১৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।

গত দুই বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে প্রাণ হারান ৫৭৫ জন।

প্রাইমটিভি/এমএইচ