‘নির্বাচনের পর সরকারি দলের হামলায় ৫ জন নিহত, সহিংস রাজনীতির অবসান চাই’: শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত
গাইবান্ধায় বিএনপির হামলায় আহত এক শিবির নেতাকে দেখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের পর এখন পর্যন্ত সরকারি দলের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তিনি দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতির অবসান দাবি করেন।
আহত নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, হত্যা, গুম ও সন্ত্রাস কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। দায়িত্বশীলদের কিছু কর্মকাণ্ড ও বক্তব্যের কারণেই দেশে এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, “আমরা শুধু নির্যাতনের শিকার হইনি, সরকারি দলের লোকেরাও নির্যাতিত হয়েছেন। অতীত থেকে শিক্ষা না নিলে জুলাইয়ের মতো পরিস্থিতি বারবার ফিরে আসবে।”
তিনি আরও বলেন, নির্বাচনে নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে তাদের অভিযোগ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন।
সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দুর্বল বা ভীত মনে করলে তারা বড় ভুল করবে। আমাদের নেতারা অতীতেও হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন।”
ডা. শফিকুর রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশ ও জাতির স্বার্থে সন্ত্রাস, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে হবে। সহিংসতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশের জন্য তা শুভ হবে না।”
তিনি অভিযোগ করেন, অতীতে যেসব কারণে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছিল, বর্তমানেও তার কিছু আলামত দেখা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে আবারও বড় ধরনের গণআন্দোলনের পরিবেশ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না বলেও জানান দলটির আমির।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





