ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে বাংলাদেশে সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির কথা তুলে ধরে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রাকৃতিক দুর্যোগকে মানবজাতির জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, মহান আল্লাহর অসীম ক্ষমতার সামনে মানুষ অত্যন্ত ক্ষুদ্র ও অসহায়। মানুষের গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও সকল আয়োজন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে—প্রাকৃতিক দুর্যোগ সেই বাস্তবতারই একটি স্মারক বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু শোকের নয়, আত্মসমালোচনা ও শিক্ষা গ্রহণেরও উপলক্ষ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগরায়নের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।

শায়খ আহমাদুল্লাহ ব্যক্তিগত ও সামাজিক জীবনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্মাণকাজে নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কার্যকর আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

তার মতে, পরিকল্পিত নগরায়ন, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া কামনা করার পাশাপাশি ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

প্রাইমটিভি/এমএইচ